[english_date], [bangla_date], [hijri_date]

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার

Shiuly
প্রকাশিত July 6, 2026, 10:22 PM
গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার

এ কে আজাদ:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনছুর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পারিবারিক সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা প্রয়াত এবং মা জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত।

দীর্ঘ দেড় মাস ধরে শিশুটি তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করে পড়ালেখা চালিয়ে আসছিল। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার আকস্মিকতা ও প্রাণনাশের হুমকিতে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখে। সম্প্রতি শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বজনদের জিজ্ঞাসাবাদের মুখে পুরো ঘটনাটি প্রকাশ পায়। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং- ১১) দায়ের করা হয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, মামলাটি রুজু হওয়ার পরপরই আমাদের পুলিশ টিম দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে গ্রেফতার করেছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ (মেডিকেল টেস্ট) আইনি প্রক্রিয়ার কাজ চলছে।

ওসি আরও জানান, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী এই জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares