, ,

কানাইঘাটের আলোচিত জাহাঙ্গীর হত্যা আসামিসহ তিনজন গ্রেফতার

Shiuly
প্রকাশিত July 7, 2026, 03:47 PM
কানাইঘাটের আলোচিত জাহাঙ্গীর হত্যা আসামিসহ তিনজন গ্রেফতার

ইকবাল বাহার:

সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের সুন্দর করুণা দিঘি সংলগ্ন কালভার্টের দক্ষিণ পাশে পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (৩০)-এর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তার ভায়রা সম্পর্কে প্রধান আসামি শামীম উদ্দিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আলমগীর বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের সার্বিক দিকনির্দেশনায় কানাইঘাট থানা পুলিশের একটি চৌকস দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গত ৫ জুলাই ২০২৬ কক্সবাজার থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি শামীম উদ্দিন (৪৫), ডালিম উদ্দিন (৩৫) এবং তারেক উদ্দিন (২৫)-কে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জাহাঙ্গীর আলম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ আরও জানায়, হত্যা মামলার অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করায় নিহত জাহাঙ্গীর আলমের পরিবার কানাইঘাট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।