প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকনির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যুক্তরাজ্য সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)-এর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই করেছে। বাংলাদেশের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, মানবিক প্রস্তুতি জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে এই উদ্যোগকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকারের মধ্যে স্বাক্ষরিত প্রথম সমঝোতা স্মারকের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এর আওতায় দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা, জরুরি সাড়াদান কার্যক্রমে সমন্বয়, অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue) জরুরি চিকিৎসা সহায়তা, মানবিক ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস, চাহিদা নিরূপণ এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সহযোগিতা জোরদার করা হবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সহজতর করা এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ভিত্তি তৈরি করবে এই সমঝোতা।
অন্য দিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (ওজঈ)-এর মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতাটি একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (SPMoU)। এর মাধ্যমে দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জাতীয় সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (FDMN) এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা, গবেষণা ও উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত অংশীদারিত্ব ও সম্পদ আহরণে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব এমপি বলেন, “এই দুটি সমঝোতা আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক নেতৃত্বকে আরও সুসংহত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সহনশীলতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নেও এসব অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারক দুটিতে স্বাক্ষর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক (Sarah Cook) এবং আইআরসির পক্ষে সংস্থাটির অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জুলিও ই. র্যাঙ্ক রাইট (Julio E. Rank Wright) চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।