নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, সিলেটের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে একটি বিরল ঘটনা। যদি সিলেটের মতো বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও এই সম্প্রীতি থাকতো তবে আজ সংখ্যালঘুদের নির্যাতনের কথা শোনা যেত না। সিলেটবাসীর প্রতি আমার একটাই অনুরোধ, কে কোন দল করেন সেটা বিবেচ্য বিষয় নয়। সিলেট বিভাগ দিয়ে আমরা প্রমাণ করতে চাই, দেশের অন্যান্য অঞ্চল যেন সিলেটিদের মত ঐক্যবদ্ধভাবে এক হয়ে বাংলাদেশ গড়তে কাজ করেন।
গতকাল শুক্রবার দুপুরে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের পরিচালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু। বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে, ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস, মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুহিম দে, ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস প্রমুখ। শুরুতে পবিত্র গীতা পাঠ করেছেন সৃষ্টি চন্দ এবং জাতীয় সংগীত পরিবেশন করেন পূজা পরিষদ সিলেট জেলার সহ-সাংস্কৃতিক সম্পাদক রিংকু চক্রবর্তী। সম্মেলনে
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে সম্পাদনা পরিষদের সদস্য সচিব দীপক কুমার দাস এর পরিচালনায় ‘স্বাধিকার’ শীর্ষক ম্যগাজিনের মোড়ক উন্মোচন উদ্বোধক ও অতিথিবৃন্দ।
এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১১টায় সিলেট জেলার দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর। সম্মেলনে সিলেট জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিলেট পূজা উদযাপন পরিষদের আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দীপক কুমার দাস।