নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে নামজারি (জমা-খারিজ) করে দেওয়ার নামে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ এবং মূল দলিল আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গোয়াইনঘাট উপজেলার নিয়াগুল গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন নিজের এবং তার স্বজনদের নামে মোট চারটি নামজারির আবেদন করেন। আবেদনগুলোর মামলা নম্বর যথাক্রমে ৪৬/২০২৪-২৫, ৫২৮/২০২৪-২৫, ৫৭৮/২০২৪-২৫ এবং ৪৪৩৪/২০২৩-২৪।
অভিযোগ অনুযায়ী, এসব আবেদন অনুমোদনের জন্য প্রয়োজনীয় মূল দলিলপত্রসহ নামজারি সহকারী অসিম চন্দের কাছে প্রথমে ৪০ হাজার টাকা প্রদান করা হয়। পরে জমির শ্রেণি ‘বাড়ি’ উল্লেখ করে আরও ২০ হাজার টাকা দাবি করা হলে তিনি মোট ৬০ হাজার টাকা দেন।
তবে অভিযোগে বলা হয়েছে, টাকা গ্রহণের পরও নামজারির কাজ সম্পন্ন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে দলিলে ত্রুটি রয়েছে দাবি করে আরও ৪০ হাজার টাকা দাবি করেন অসিম চন্দ। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে চারটি আবেদনই বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দেলোয়ার হোসেন দাবি করেন, আবেদন বাতিল হওয়ার পর তিনি তার দেওয়া টাকা ও মূল দলিল ফেরত চাইলে দীর্ঘদিন ধরে ঘোরানো হয়। এমনকি গত ২ মার্চ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করিয়েও তাকে টাকা বা দলিল ফেরত দেওয়া হয়নি। পরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের ভয় দেখিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, এসিল্যান্ডের কাছে অভিযোগ করার চেষ্টা করলে অফিসে প্রবেশে বাধা দেওয়া এবং বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, “অসিম চন্দ দীর্ঘদিন ধরে নামজারির নামে সেবাগ্রহীতাদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করছেন। আমি আমার আত্মসাৎকৃত টাকা ও মূল দলিল ফেরত পাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে অভিযুক্ত অসিম চন্দের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।