, ,

মেয়াদের বাহানা ও সিমের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ আগস্ট

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত July 12, 2026, 09:29 PM
মেয়াদের বাহানা ও সিমের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ আগস্ট

সিম কোম্পানীগুলোর মেয়াদের অজুহাতে অব্যবহৃত ব্যালেন্স, ইন্টারনেট ডাটা ও মিনিট কেটে নেওয়া বন্ধ এবং প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে আগামী ১০ আগস্ট সোমবার বিকাল ২টায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টের বিজয় চত্বরে বৃহৎ গণজমায়েত ও গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা (সিকস)’, ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস)’ ও ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিকস’র কেন্দ্রীয় কার্যালয় হতে শুরু হয়ে মশাল মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, “মেয়াদ শেষ হওয়ার অজুহাতে সিম কোম্পানীগুলো গ্রাহকদের কষ্টার্জিত টাকায় কেনা ব্যালেন্স, ডাটা ও মিনিট অনাকাঙ্ক্ষিতভাবে বাতিল করে দিচ্ছে। বাংলাদেশের প্রায় ১২ কোটি গ্রাহকের টাকা মেয়াদের বাহানায় কেটে নেওয়ার অধিকার সিম কোম্পানীগুলোকে কে দিয়েছে? সিমের মেয়াদের অজুহাত বন্ধ করে মেয়াদবিহীন অবস্থা চালু এবং প্যাকেজের অবান্তর মূল্যবৃদ্ধি রোধ না করলে সাধারণ ব্যবহারকারীরা রাজপথ ছাড়বে না।”

মশাল মিছিলের পূর্ববর্তী আলোচনা সভায় সিমের মূল্যবৃদ্ধি ছাড়াও সিলেটের আরও ৩টি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। এগুলো হলো— হিজড়া ও ভিক্ষুকদের চাঁদাবাজি, জনসম্মুখে মাদক সেবন এবং মহানগরীর যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, হিজড়া ও ভিক্ষুকদের উপদ্রব ও চাঁদাবাজি বন্ধে আগামী ১৪ জুলাই মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী এবং সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

সমাবেশ ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সমাজকর্মী উছমান কামালী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের ও মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং প্রায় শতাধিক সাধারণ নাগরিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।