, ,

সারাদেশের মতো সিলেটেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত July 15, 2026, 12:46 PM
সারাদেশের মতো সিলেটেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

সারাদেশের অন্যান্য জেলার মতো সিলেটেও শিক্ষা মন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল “তুমি কে, আমি কে পোল্ট্রি, পোল্ট্রি”।

কর্মসূচিতে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ এবং বিদ্যমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি জানান। তারা বলেন, শুধুমাত্র পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা প্রশ্নপত্র কঠিন করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বন্যাসহ বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত বলে তারা মনে করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষা-সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা শিক্ষা-সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করা, দ্রুত সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন শিক্ষার্থীরা।