, ,

সিলেটে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপন

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত July 15, 2026, 12:24 PM
সিলেটে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপন

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

সিলেট নগরীর পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে যৌথভাবে কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি। এ উদ্যোগের অংশ হিসেবে সিলেটে প্রথমবারের মতো একটি পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ১৪ জুলাই ) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সিসিক ও এসএনভির পারস্পরিক সহযোগিতার নতুন কয়েকটি ক্ষেত্র নিয়ে এ সমঝোতা হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় প্রস্তাবিত ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে পরবর্তী বাস্তবায়ন ধাপে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের পূর্বে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নগরীতে ক্ষুদ্র পরিসরে একটি ‘পাইলট ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট প্রকল্প’ দ্রুত শুরু করা হবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পুরো মূল্য-শৃঙ্খল (ভ্যালু চেইন) নিয়ে সমন্বিত পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামো তৈরিতে সিসিককে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেবে। সিসিক, এসএনভি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য ‘পিপিপি’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, “আধুনিক নগর ব্যবস্থাপনায় পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এই প্রকল্প সফল হলে জনস্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি নগরীর নদী, ছড়া ও জলাশয়গুলো দূষণমুক্ত রাখা সম্ভব হবে।” সভায় উভয় পক্ষ সিলেটবাসীর জন্য নিরাপদ, পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং আর্থিকভাবে টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
সভায় অন্যান্যের মধ্যে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এসএনভির প্রকল্প ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম, বিজনেস অ্যাডভাইজার তানভীর চৌধুরী এবং পাবলিক ফাইন্যান্স অ্যাডভাইজার মো. গোলাম শাওন।