, ,

জনগণের দুয়ারে সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত July 23, 2026, 09:26 PM
জনগণের দুয়ারে সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

নাগরিকদের অভিযোগের অপেক্ষায় না থেকে আগেভাগেই সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী । তিনি বলেছেন, জনগণের প্রকৃত সমস্যা জানতে হলে অফিসের চার দেয়ালের বাইরে বেরিয়ে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের জনগণের স্বস্তি ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।

সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় মেয়র বলেন, ‘আমি প্রতিটি শাখার কর্মকর্তা ও কর্মচারীকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছি—অফিসের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠে বেশি সময় দিতে হবে। মানুষের সমস্যার প্রকৃত চিত্র মাঠেই দেখা যায়, আর সেখানেই দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, সিটি কর্পোরেশনের লক্ষ্য এমন একটি সেবাব্যবস্থা গড়ে তোলা, যেখানে নাগরিকদের অভিযোগ করার আগেই সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মেয়র আরও বলেন, ‘নিজের আরামের চেয়ে নগরবাসীর স্বস্তি ও নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের মাঠে থেকে কাজ করতে হবে।’

তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, ‘তারপরও যদি কোথাও কোনো সমস্যা থেকে যায় কিংবা কাঙ্ক্ষিত সেবা পেতে কোনো ধরনের ভোগান্তির শিকার হন, তাহলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি।’

সেবার মান উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করে মেয়র বলেন, ‘জনগণের দুয়ারে সেবা পৌঁছে দিন, অভিযোগ নিজেই কমে যাবে।’

সংশ্লিষ্টদের মতে, মাঠভিত্তিক তদারকি ও দ্রুত সমস্যা সমাধানের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট নগরীতে নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।