সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সোহাদ (১০) নামের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহাদ গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার নয়া মসজিদ গ্রামের রেজাউল করিম রেহানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রাবার (২৪ জুলাই) বিকাল ৩ টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ নয়া মসজিদ এলাকায় সড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিল। এসময় সড়কের বাহিরে গিয়ে এফজেডএস মডেলের একটি মোটরসাইকেল (সিলেট-ল-১২-১৪০২) সোহাদকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে বুধবার রাতে মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল। তিনি বলেন, বৃহস্পতিবার বাদ যোহর জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।