ভূমধ্যসাগর থেকে হঠাৎ সবচেয়ে বড় রণতরী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, জানা গেল কারণ

প্রকাশিত: 6:59 PM, January 3, 2024

ভূমধ্যসাগর থেকে হঠাৎ সবচেয়ে বড় রণতরী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, জানা গেল কারণ

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগর থেকে বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর. ফোর্ড নিজ দেশে ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার পরপরই মিত্র দেশ ইসরায়েলের সহায়তায় এর উপকূলে রণতরীটি মোতায়েন করে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় সোমবার (১ জানুয়ারি) মার্কিন ষষ্ঠ নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় মার্কিন ফোর্স মোতায়েনের যৌক্তিকতা ফের বিবেচনা করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২ মে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় এক লাখ টন ওজনের জেরাল্ড ফোর্ডকে। অত্যাধুনিক যুদ্ধবিমান এফ/এ-১৮ সুপার হরনেটের বহর নিয়ে আট মাস ভূমধ্যসাগরে অবস্থান করে এই রণতরী। গত ৭ অক্টোবর সশস্ত্র হামাসের অতর্কিত হামলার দুদিন পর মিত্র তেল আবিবের সহায়তায় ইসরায়েলের উপকূলে এই রণতরীটি মোতায়েন করে ওয়াশিংটন।

 

বিবৃতিতে বলা হয়েছে, রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উৎস বন্দর নরফোক পোর্টে ফিরে যাবে। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই সিদ্ধান্তের কথা জানাল যখন ইসরায়েলি বাহিনী ও হামাসের যুদ্ধ ঘিরে লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে। সেই সঙ্গে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহ গোষ্ঠীর সদস্যরা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

২০১৭ সালে মার্কিন নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয় জেরাল্ড ফোর্ড। এটি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় এবং অত্যাধুনিক রণতরী। গত ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নির্মিত ক্যারিয়ার ক্লাসের অন্যতম যুদ্ধজাহাজ।

মার্কিন ষষ্ঠ নৌবহর জানিয়েছে, ফোর্ড যেন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রতিরোধ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপে অবদান রাখতে পারে সে জন্য ভূমধ্যসাগর থেকে সরিয়ে নেয়া হচ্ছে। তবে ফোর্ড ভূমধ্যসাগর ছাড়লেও সেখানে মার্কিন রণতরী আইজেনহাওয়ার মোতায়েন রয়েছে। এই বিমানবাহী রণতরীর সঙ্গী হয়ে একজোড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি গাইডেড মিসাইল ক্রুজার অবস্থান করছে।তবে হুতিসহ হামাসের আক্রমণের মুখে মার্কিন রণতরী আইজেনহাওয়ারকে অনেকটা একা ফেলে নিজ দেশে ফিরে যাচ্ছে জেরাল্ড ফোর্ড।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares