স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে বিশ্বকাপ জিতলেও আক্ষেপ ছিল এশিয়া কাপের। অবশেষে ২০২৩ সালের শেষ মুহূর্তে এসে স্বপ্নের এশিয়া কাপ জিতে যুবা টাইগাররা। গত ১৭ ডিসেম্বর আরব আমিরাতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জয় করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
জাতীয় ক্রিকেট দলের এমন অর্জন না থাকলেও যুবা দলের অর্জনে গর্বিত পুরো দেশ। তাই এশিয়া কাপ বিজয়ী দলের প্রতিটি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের প্রতিজনকে ১ লাখ টাকা করে এবং সাপোর্ট স্টাফদের দেয়া হয়েছে ৫০ হাজার টাকা করে পুরস্কার।
বুধবার (৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে একে একে এসে অর্থ পুরস্কার গ্রহণ করেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সদস্যরা। অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দের নিয়েই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি, ভারতের বিপক্ষে।
R/N