এবার বেনাপোল এক্সপ্রেসসহ ২ ট্রেন বন্ধ নিয়ে রেলওয়ের নতুন ঘোষণা

প্রকাশিত: 10:55 AM, January 6, 2024

এবার বেনাপোল এক্সপ্রেসসহ ২ ট্রেন বন্ধ নিয়ে রেলওয়ের নতুন ঘোষণা

 

জাতীয় ডেস্ক:

রাজধানীর গোপীবাগে ট্রেনে নাশকতার ঘটনার পর বেনাপোল এক্সপ্রেসসহ দুটি ট্রেন তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‘সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ৬-৮ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস এবং ৬-৭ জানুয়ারি ঢালারচর এক্সপ্রেস বন্ধ থাকবে। আপনাদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখিত।’

 

এর আগে গোপীবাগে ট্রেনে নাশকতার ঘটনার পর শুক্রবার (৫ জানুয়ারি) রাতেই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। সেই সঙ্গে ট্রেনটির যাত্রীদের টিকিট রিফান্ডের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের পেজে এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ৫ জানুয়ারি তারিখে ঢাকা হতে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে। ট্রেনটির সকল যাত্রীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ইতোমধ্যে ট্রেন বাতিলকরণের বিষয়টি অবহিত করা হয়েছে। যাত্রীগণকে কাউন্টার এবং অনলাইনে লগইন করে টিকিট রিফান্ড করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে এসে বাস-ট্রেনে নাশকতার ঘটনা বেড়েছে। শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দগ্ধ কয়েকজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে, ট্রেনে নাশকতার পর রাতেই গোপীবাগের কাছাকাছি একটি বস্তি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও ঘটনার তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares