সংসদে বিরোধী দলেই থাকতে চান জিএম কাদের

প্রকাশিত: 6:56 PM, January 10, 2024

সংসদে বিরোধী দলেই থাকতে চান জিএম কাদের

 

জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের বলেছেন, জাতীয় সংসদে বিরোধী দলে আছি এবং বিরোধী দলেই থাকতে চাই । বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

 

দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী, যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।

নির্বাচনে এত কম আসন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি সেটি এ নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।

এদিকে বুধবার সকালে রাজধানীতে অবস্থিত জাপার বনানী কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জাপার প্রার্থীরা।

তারা জানান, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে লাভবান হয়েছেন চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তারা নিজেদের আসনে জয় নিশ্চিত করার পরে অন্য প্রার্থীদের নিয়ে ভাবেননি। আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বৈধতা দিতে জাপা প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়ে কোনো সহযোগিতা করেননি শীর্ষ তিন নেতা।

জাপার প্রভাবশালী এক প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জাপা নেতাদের ভরাডুবির জন্য সরকারকে দোষারোপ করছেন জি এম কাদের। আওয়ামী লীগ কারচুপি করবে, এটা তো জানাই ছিলো। এই ডামি নির্বাচনে যেতে কেউ রাজি ছিলো না। কজন শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জি এম কাদের কী বুঝে নির্বাচনে গেলেন তার ব্যাখ্যা চাওয়া হবে।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares