ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: 11:00 AM, February 2, 2024

ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

মার্কিন একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ওইসব স্থাপনায় কয়েকদিন ধরে হামলা চালানো হবে। তবে কবে থেকে হামলা চালানো হবে তা আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদিও দিনক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি মার্কিন কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত রোববার জর্ডানে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য ইরান–সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করেছে ওয়াশিংটন। রোববারের ওই ঘটনার পরই ইরানের স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেয়া হলো।

তবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্স নামের একটি গ্রুপ। কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিয়ে এই গ্রুপটি গঠিত। বলা হয়, তাদের অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়ে থাকে ইরানের সশস্ত্র বাহিনী রেভল্যুশনারি গার্ডস। তবে সাম্প্রতিক ওই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করেছে তেহরান।

রোববারের ওই হামলায় ৪১ মার্কিন সেনা আহত হয়েছিলেন। এরপর মার্কিন কর্মকর্তারা এর পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির অন্য কিছু কর্মকর্তার ভাষ্য ছিল, তারা ইরানের সঙ্গে বড় পরিসরে যুদ্ধে জড়াতে চান না।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares