নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এই সিদ্ধান্ত এখনই জানাতে চান না দলটির নীতিনির্ধারকেরা।
শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর ) রাতে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আজ স্থায়ী কমিটির যে বৈঠক, সেটা আসলে মনোনয়ন বোর্ডের বৈঠক। সেখানে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে লড়তে কে বিএনপির মনোনয়ন পাচ্ছেন, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই সিদ্ধান্ত পরে জানানো হবে।
এর আগে আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে মিলিত হন। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনার অংশ নেন।