, ,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তারেক আহমদের জানাযা সম্পন্ন, চতুলে হাজারো মানুষের ঢল

শিউলী
প্রকাশিত August 18, 2026, 07:43 PM
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তারেক আহমদের জানাযা সম্পন্ন, চতুলে হাজারো মানুষের ঢল

ইকবাল বাহার: কানাইঘাট প্রতিনিধি:

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের তারেক আহমদের জানাজার নামাজ আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বাদআছর চতুল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।

নিহত তারেক আহমদ বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মোঃ ফয়েজ আহমদ। পরিবারের সদস্যরা জানান, তারেক আহমদ ও তাঁর বড় ভাই মাহবুব আহমদ সৌদি আরবে একই সঙ্গে বসবাস করতেন।

জানা যায়, গত ২ জুলাই ২০২৬ সৌদি আরবের জেদ্দা এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তারেক আহমদ। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘ সময় পর মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন বড়চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী , কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার নায়েবে আমির আনোয়ার হোসেন খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বজন, প্রতিবেশী ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আজ বাদ আসর চতুল ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত মুসল্লিরা মরহুম তারেক আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তারেক আহমদ পরিবার-পরিজন ও অসংখ্য স্বজন-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে মুক্তাপুরসহ পুরো বড়চতুল ইউনিয়নে শোকের আবহ বিরাজ করছে।