, ,

সন্ত্রাসবিরোধী মামলায় কানাইঘাটে ৪ জন গ্রেফতার

শিউলী
প্রকাশিত August 22, 2026, 08:52 PM
সন্ত্রাসবিরোধী মামলায় কানাইঘাটে ৪ জন গ্রেফতার

ইকবাল বাহার:

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে স্লোগান ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বিকেল ৪টা ৫ মিনিটের দিকে কানাইঘাট সদর ইউনিয়নের চতুলগামী সড়কের বারহাল ব্রিজ এলাকায় কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পালিয়ে যান।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর কানাইঘাট থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—ইউনুস আহমদ (২২), আব্দুল কাদির হৃদয় ওরফে মোহাম্মদ আলী (৩৪), মাইন উদ্দিন আকরাম (১৯) ও আবু তাহের (১৯)। তারা কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার চারজনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।