, ,

সিলেটে জমজমাট দুর্গাপূজার বাজার

শিউলী
প্রকাশিত October 15, 2026, 11:51 PM
সিলেটে জমজমাট দুর্গাপূজার বাজার

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজে জমজমাট হয়ে উঠেছে সিলেট নগরীর বাজারগুলো। পূজার কেনাকাটায় বিপণিবিতান, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। নতুন পোশাক, শাড়ি, পাঞ্জাবি, জুতা, প্রসাধনী ও বিভিন্ন পূজাসামগ্রী কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) বাজারে ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাজারসংলগ্ন সড়কগুলোতে যানবাহনের ধীরগতি এবং মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও কোথাও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

অন্যদিকে, পূজার বাজারে পণ্যের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেক ক্রেতা। দেশি ও বিদেশি পণ্যের নামে বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে পণ্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। একই ধরনের পোশাক বা সামগ্রীর দাম একেক দোকানে একেক রকম হওয়ায় অনেকেই কেনাকাটা করতে গিয়ে দ্বিধায় পড়ছেন। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস ও শিশুদের পোশাকের দাম তুলনামূলক বেশি বলে মনে করছেন ক্রেতাদের কেউ কেউ।

ক্রেতাদের অভিযোগ, উৎসবকে কেন্দ্র করে কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে। তবে বিক্রেতাদের দাবি, পণ্যের মান, উৎপাদন খরচ ও আমদানি ব্যয়ের ওপর ভিত্তি করে দামের পার্থক্য রয়েছে। দেশি ও বিদেশি পণ্যের মান যাচাই করে কেনাকাটা করার পরামর্শ দিচ্ছেন সচেতন ক্রেতারা।

এদিকে, পূজার বাজার জমে ওঠায় খুশি ব্যবসায়ীরাও। তাদের প্রত্যাশা, পূজার আগমুহূর্তে কেনাকাটার ব্যস্ততা আরও বাড়বে। তবে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং পণ্যের মূল্যতালিকা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান নগরবাসী।

উৎসবের আনন্দে সিলেটের বাজারগুলো প্রাণচঞ্চল হয়ে উঠলেও যানজট ও পণ্যের বাড়তি দাম যেন ক্রেতাদের সেই আনন্দে কিছুটা ভাটা ফেলছে।