সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে এ পর্যন্ত ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৭৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭ টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বেবিচক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দেওয়া হিসাব অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইট মিলিয়ে মোট ১৫৩টি ফ্লাইটের কার্যক্রমে প্রভাব পড়েছে। এতে ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন। তবে কোন সময়সীমার ফ্লাইট ও যাত্রীর হিসাব এতে অন্তর্ভুক্ত, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।