খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদনের বিষয়টি পরিবার ও সরকারের সিদ্ধান্ত: দুদক আইনজীবী

প্রকাশিত: 12:29 PM, September 24, 2023

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদনের বিষয়টি পরিবার ও সরকারের সিদ্ধান্ত: দুদক আইনজীবী

জাতীয় ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদনের বিষয়টি পরিবার ও সরকারের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রোববার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি তার সরকার ও খালেদা জিয়ার আইনজীবীদের বিষয়। তবে খালেদা জিয়ার দণ্ড স্থগিত হয়েছে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে। ফলে পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই খালেদা জিয়ার পরিবার, আইনজীবী ও সরকারের মধ্যে আলোচনা হওয়া উচিৎ বলে আমি মনে করি।

এর আগে রোববার সকালে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন আগেই করা আছে; নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক।

তিনি বলেন, চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ড বলেছেন খালেদা জিয়ার যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে সম্ভব না। অতএব খালেদা জিয়ার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে এটা আবেদন করার ওপর নির্ভর করছে না। এটা এখন সময় এবং জনগণের দাবি। তার জীবন রক্ষার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা।

কায়সার কামাল বলেন, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি ডিক্লিয়ারেশন আছে। সেখানে বলা আছে, যদি কোন ব্যক্তি সাজাপ্রাপ্ত কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয় তখন সে দেশের সরকারের দায়িত্ব বিদেশে প্রেরণ করা। সেই ডিক্লিয়ারেশনের প্রেক্ষিতে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্স নাভালিনকে জার্মানি পাঠানো হয়েছিল উন্নত চিকিৎসার জন্য।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের পাশাপাশি বাংলাদেশ সংবিধানের ১৫ এবং ৩২ অনুযায়ী খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় যেতে পারবেন।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো আবেদন আসেনি। আবেদন করলে খালেদা জিয়ার বিষয়টি দেখা যাবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরও উনার দণ্ডাদেশ স্থগিত রেখে এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও মহানুভবতায়। সে ক্ষেত্রে তারা (বিএনপি) আবেদন করার পর সেটা দেখা যাবে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares