স্পোর্টস ডেস্ক:
০, ৭৬, ১৩, ৬, ০, ১৫, ১৬, ৫৩, ১৩, ২৬! এইগুলো কোনো সমান্তর ধারা নয়। এগুলো টাইগারদের নিয়মিত ওপেনার লিটন দাসের শেষ ১০ ইনিংসের রান। দুই ফিফটিতে সবশেষ ১০ ইনিংসে এসেছে ২১৮ রান। আর রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন দুইবার। বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ক্লাসিক এই ওপেনার।
এমনকি একটা সময় লিটনের রানের সংখ্যার ওপর ডিসকাউন্ট অফার চালু হয়েছিল। সে সময় খেই হারিয়ে নিজের ছন্দ খুঁজে বেড়িয়েছেন অনেকবার। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাকে নিজের জন্মদিন রাঙিয়েছেন এই ব্যাটার।
দীর্ঘদিন ধরেই নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। যদিও তাকেই দলের সবচেয়ে ক্লাসিক ব্যাটার ভাবা হয়। দেশসেরা ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে তারই কাঁধে ভার পড়ে ওপেনিংয়ে হাল ধরার। কিন্ত বিভিন্ন সংবাদ সম্মেলনে তার মধ্যে ফুটে উঠে অহংবোধ। ঘরের মাঠে সবশেষ আফগানিস্তান সিরিজে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটনের ভাষ্য, ‘না ভাইয়া, আমি চিল’।
এবার বিশ্বকাপের মাঝেই রোববার (১৫ অক্টোবর) পুনেতে লিটন যা করলেন, তা আগের সব কিছুকেই হার মানায়।
পুনেতে টিম হোটেলের লবি প্রায় ৪০ জন সাংবাদিক বসে ছিলেন। উদ্দেশ- দলের কারোর সঙ্গে যদি কথা বলা যায়। আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরও এদিন কথা বলতে চেয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে। এজন্যই তারা অপেক্ষা করছিলেন।
পুনেতে কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্র শেখরনের সঙ্গে দুপুরের খাবার খেতে বেরিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে বেশ হেসেখেলেই কৌশল বিনিময় করেন পেসার তাসকিন আহমেদ। এই পেসারের একটু পরই সেখানে আসেন ওপেনার লিটন দাস। তবে তিনি (লিটন) দেখা দেন পুরোপুরি অন্য এক চেহারায়।
গণমাধ্যম কর্মীদের দেখেই চটে যান লিটন। সঙ্গে সঙ্গেই ছুটে যান কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে। সেখানে গিয়ে লিটনকে বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’
এরপর আরও কিছু বলতে থাকেন লিটন। যা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে লিটন ও নিরাপত্তাকর্মীদের কথোপকথনের প্রতিক্রিয়া কিছুক্ষণ পরই টের পান সেখানে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকরা।
কয়েকজন নিরাপত্তাকর্মী এসে জানান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।’
তাদের একজন পরে বিষয়টির ব্যাখ্যাও দেন। তার দাবি দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।
তবে লিটনের এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশা করেননি সেখানে উপস্থিত সাংবাদিকরা। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা লিটনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
R/N