‘নির্লজ্জের মতো কাউকে ‘ভগবান’ মেনে বিদেশি প্রভুদের করুণা ভিক্ষা করছে বিএনপি’

প্রকাশিত: 11:28 AM, October 24, 2023

‘নির্লজ্জের মতো কাউকে ‘ভগবান’ মেনে বিদেশি প্রভুদের করুণা ভিক্ষা করছে বিএনপি’

জাতীয় ডেস্ক:
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রক্ষমতা দখল করার জন্য নির্লজ্জের মতো কাউকে ‘ভগবান’ মেনে আজ বিদেশি প্রভুদের করুণা ভিক্ষা করছে তারা। ষড়যন্ত্রের মাধ্যমে তারা সাংবিধানিক শাসনব্যবস্থা ব্যাহত ও অনির্বাচিতদের হাতে ক্ষমতা তুলে দেয়ার জন্য পথ সৃষ্টি করছে।

সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, দেশের সংবিধান ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্য বাংলাদেশ আওয়াম লীগ বদ্ধপরিকর।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধীদল বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ীই অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।

ওবায়দুল কাদের বলেন, অথচ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে বিএনপি। উসকানি দিয়ে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। যেকোনো উপায়ে তারা ক্ষমতা দখলের জন্য অপতৎপরতা চালাচ্ছে। তাদের এ অপতৎপরতার জন্য যদি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয়, তাহলে তার দায়ভার বিএনপিকেই নিতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা বারবার বক্তব্য ও বিবৃতিতে উগ্র আস্ফালন দেখাচ্ছে, যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য হুমকিস্বরপ। তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই দেশ ও জনগণ নিয়ে যেকোনো ধরনের ছেলেখেলা খেলতে পারে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares