২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে বিএনপির যে কর্মসূচি আসতে পারে

প্রকাশিত: 11:35 AM, October 24, 2023

২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে বিএনপির যে কর্মসূচি আসতে পারে

জাতীয় ডেস্ক:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামী শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। এ বিষয়ে সোমবার (২৩ অক্টোবর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকে অংশ নেয়া একাধিক ব্যক্তি চ্যানেল 24 কে নিশ্চিত করেছেন।

তারা চ্যানেল 24 কে বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে আগামী সোমবার (৩০ অক্টোবর) সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা আরও জানান, বিএনপি ও তার মিত্ররা শান্তিপূর্ণভাবে ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশ করতে চায়। তবে আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পরিস্থিতি কী হয় তার ওপরও কর্মসূচির ধরণ কী হবে তা নির্ভর করছে। স্বাভাবিকভাবে মহাসমাবেশ করতে পারলে সেখান থেকে ঘেরাওয়ের ওই কর্মসূচির ঘোষণা আসবে। যদি তা না হয় তাহলে তখন পরিস্থিতি অনুযায়ী আরো কঠোর কর্মসূচি আসতে পারে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দল যদি মহাসমাবেশে বাধা দেয় তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। বৈঠকে পরবর্তী কর্মসূচি হিসেবে ঘেরাও, বিক্ষোভ, অবস্থান, অবরোধ এমনকি হরতালের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে অংশ নেয়া এক নেতা জানান, আগামী ৩০ অক্টোবর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো যার যার অবস্থান থেকে পদযাত্রা সহকারে সচিবালয় অভিমুখে রওনা হবে। বিএনপি নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে। তাদের পদযাত্রার সম্মুখভাগে থাকবে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য, নারী ও শ্রমিক এবং সব শেষে বিএনপি।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares