স্পোর্টস ডেস্ক:
রীতিমতো দেয়ালে পিঠ ঠেকে গেছে বাবর আজমদের। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা এখনো অনিশ্চিত পাকিস্তানের। বিশ্বকাপের প্রথম পর্বে বাকি থাকা চার ম্যাচের একটিতে হারলেই বিদায় নিতে হতে পারে তাদের।
এমন কঠিন সমীকরণে আজ মুখোমুখি হবে চলমান বিশ্বকাপের অন্যতম সেরা দল দক্ষিণ আফ্রিকার। চেন্নাইতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে এই দু’দল। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ?
ক্রিকেট পাকিস্তানের সূত্রে জানা যায়, হাঁটুর ইনজুরি কাটিয়ে এখন একেবারেই ফিট ওপেনার ফখর জামান। ধবার ও বৃহস্পতিবার অনুশীলন করেছেন তিনি। তবে ব্যাটিংয়ে খুব একটা কম্পোট ছিলেন না ফখর। ধারণা করা হচ্ছে আরেক ওপেনার ইমাম-উল-হকের পরিবর্তে তাকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে টিম ম্যানেজমেন্ট। সঙ্গে দেখা যাবে আবদুল্লাহ শফিককে।
যথারীতি আজও সবার দৃষ্টি থাকবে অধিনায়ক বাবর আজমের দিকে। আজ ও দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট হাতে রানের নেতৃত্বও দিতে পারেন পাক অধিনায়ক। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান চার নম্বরে দুর্গ ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে।
পাঁচ ও ছয়ে সৌদ শাকিল এবং ইফতিখার আহমেদকে দেখা যাওয়ার সম্ভবনা প্রায় শতভাগ। এই দুই মিডল অর্ডার ব্যাটার দলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে এবং দলের জয়ে অবদান রাখতে পারেন।
অসুস্থতার কারণে আফগানিস্তান ম্যাচ না খেললেও এখন সুস্থ হয়ে উঠেছেন মোহাম্মদ নওয়াজ। তবে, শাদাব খান এবং উসামা মীর স্পিন বিভাগ পরিচালনা চালিয়ে যাওয়ার কারণে তিনি আজ সম্ভবত সাইডলাইনে থাকবেন ।
দুর্ভাগ্যবশত, হাসান আলী বর্তমানে অসুস্থ। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে দেখা যাবে না এটা প্রায় নিশ্চিত। পিসিবি মেডিকেল প্যানেল এই পেসারকে বিশ্রামের পরামর্শ দিয়েছে। এর ফলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
আবদুল্লাহ শফিক, ফখর জামান/ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
R/N