, ,

বাংলাদেশের কাছে লজ্জার হারের পর শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে আদালতের রায়

Rahat
প্রকাশিত November 7, 2023, 08:10 PM
বাংলাদেশের কাছে লজ্জার হারের পর শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে আদালতের রায়

স্পোর্টস ডেস্ক:
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে একের পর এক বাজে পারফরম্যান্স বিশেষ করে স্বাগতিক টিম ইন্ডিয়ার বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর পুরো লঙ্কান ক্রিকেট বোর্ডকেই (এসএলসি) ভেঙে দেয় দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। একইসঙ্গে নিয়োগ দেয়া হয় অন্তর্বর্তীকালীন একটি কমিটি। দেশটিতে যখন ক্রিকেট বোর্ড নিয়ে তুলকালাম কাণ্ড ঘটছে, তখন আবার দিল্লির মাঠে বাংলাদেশের কাছে ৩ উইকেট হেরে বসে লঙ্কানরা।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে গত ৩ নভেম্বর এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ‘‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ” বলে অভিহিত করে বলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরেই বোর্ড ভেঙে দেয়ার সিদ্ধান্তের কথা জানা যায়। আর দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে রেখে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন একটি কমিটি। কিন্তু আজ আবার সেই কমিটি ভেঙে দিয়ে পুরনো বোর্ডকে পুনর্বহালের আদেশ দিয়েছেন দেশটির আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিট পিটিশনের শুনানির পর আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। একইসঙ্গে এসএলসির অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেন এসএলসি সভাপতি শাম্মি সিলভা।

দেশটির গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে আজ এসএলসি কার্যালয়ে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গা। তবে আদালতের আদেশের পর তিনি বেরিয়ে যান।

প্রতিবেদনে আরও বলা হয়, রোববার (৫ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে ক্রীড়ামন্ত্রী রানাসিংহে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও বেশ কয়েকজন মন্ত্রীর তোপের মুখে পড়েন। ক্রিকেট বোর্ড বরখাস্তের প্রজ্ঞাপন জারির আগে ক্রীড়ামন্ত্রী প্রেসিডেন্ট বা মন্ত্রিসভার কাউকে জানাননি। এছাড়া অন্তর্বর্তীকালীন কমিটিতে তিনজন অবসরপ্রাপ্ত বিচারকের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন ওঠে।
শ্রীলঙ্কার সংসদে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে জানান, গতকাল (সোমবার) রাতে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করতে বলেছেন। তাতে রাজি হননি বলে জানিয়েছেন রানাসিংহে, ‘প্রেসিডেন্ট বলেছেন ক্রীড়াঙ্গনকে তিনি তার অধীনে নিয়ে যাবেন। আমি তখন বলেছি, তাহলে আমাকে মন্ত্রিসভা থেকে বের করে দিন।’

শাম্মি সিলভার নেতৃত্বাধীন এসএলসিকে ডাকাতদের আতুড়ঘর দাবি করে রানাসিংহে বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট চালাচ্ছে ডাকাতরা। যে কারণে আমি অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করব না। অন্তর্বর্তীকালীন কমিটির বিরুদ্ধে বিচার বিভাগের স্থগিতাদেশের সিদ্ধান্ত স্বার্থের সংঘাত।’

R/N