আল-শিফা হাসপাতালে অভিযান, কোনো জিম্মিকে পায়নি ইসরায়েল

প্রকাশিত: 6:11 PM, November 15, 2023

আল-শিফা হাসপাতালে অভিযান, কোনো জিম্মিকে পায়নি ইসরায়েল

 

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম বড়ো হাসপাতাল আল-শিফায় ‘সশস্ত্র গোষ্ঠী হামাসের কমান্ড সেন্টার’ রয়েছে দাবি করে অভিযান শুরু করার পর এখনো পর্যন্ত সেখানে হামাসের কোনো ঘাটি পায়নি ইসরায়েল বাহিনী, পাশাপাশি খোঁজ মেলেনি কোনো জিম্মির।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া ওই অভিযানের আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, হাসপাতালটির নিচে সশস্ত্র গোষ্ঠী হামাসের কমান্ড সেন্টার রয়েছে। এছাড়া সেখানে জিম্মিও থাকতে পারে বলে দাবি করেছিল দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি রেডিও’র সূত্র উল্লেখ করে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী এখনও আল-শিফা হাসপাতালের ভিতরে জিম্মিদের কোনও ইঙ্গিত খুঁজে পায়নি। তবে কমপ্লেক্সের ভেতরে তল্লাশি অব্যাহত রয়েছে। যদিও এ দিন ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, তারা গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফাতে ‘প্রয়োজনীয়তা ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন চালাচ্ছে’।

ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র পিটার লার্নার বুধবার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, হাসপাতালের অপারেশনটি “অপারেশনাল প্রয়োজনীয়তা এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে।”

ওদিকে ইসরায়েলি বাহিনী যুদ্ধের শুরু থেকেই অভিযোগ করছে, হামাস হাসপাতালটির নিচে অবস্থান নিয়ে সামরিক কার্যক্রম পরিচালনা করছে। তবে বরাবরই তাদের অভিযোগ উড়িয়ে দিয়েছে হামাস এবং হাসপাতালের কর্মকর্তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, মূলত ইসরায়েল হাসপাতালটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। সে কারণেই ইসরায়েলি সেনারা হামাসের অবকাঠামো থাকার অজুহাত দিয়ে সেখানে ঢুকে পড়েছে।

গাজায় ইসরায়েলি সেনাদের হামলার পর থেকেই আল-শিফা হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার বেসামরিক মানুষ। কিন্তু ইসরায়েলি বাহিনী ট্যাংক নিয়ে হাসপাতালের কাছাকাছি চলে আসলে অনেকেই সেখান থেকে সরে যান। তবে গত দুই তিন দিন ধরে হাসপাতাল ছাড়ার চেষ্টা করলে তাদের ওপর ড্রোন হামলা ও গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares