পোশাকের দাম পুনঃনির্ধারণে চিঠি

প্রকাশিত: 7:45 PM, November 19, 2023

পোশাকের দাম পুনঃনির্ধারণে চিঠি

 

অর্থনীতি ডেস্ক:

নতুন মজুরি কাঠামো অনুযায়ী তৈরি পোশাকের দাম পুনঃনির্ধারণের আহ্বান জানিয়ে ব্র্যান্ড, খুচরা ও ক্রেতা প্রতিনিধিদের প্রতি খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সম্প্রতি বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান এই চিঠি দেন।

 

চিঠিতে বলা হয়, কোভিড ও পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে ব্যবসায় এসেছে নানা বাধা। দেশে বিদ্যুৎ বিল বেড়েছে ২৫ শতাংশ। গ্যাসের দর বৃদ্ধি পেয়েছে ২৮৬ দশমিক ৫ শতাংশ। ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে ৬৮ শতাংশ।

সেই সঙ্গে ব্যাংক সুদের হারও বেড়েছে। এর মধ্যে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো শুরু হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তৈরি পোশাকের দাম পুনঃনির্ধারণের জন্য ক্রেতাদের কাছে চিঠি দিয়েছেন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান।

চিঠিতে জানানো হয়, অত্যাধুনিক মেশিনারিজ ও কর্মপরিবেশের উন্নয়ন ধারাবাহিকতা গার্মেন্টসগুলোতে বজায় রয়েছে। তাই পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে কর্মদক্ষতা ও অর্থনৈতিক উন্নয়ন সাধণে সবার সহযোগিতা চাওয়া হয়।

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গত এপ্রিলে ন্যূনতম মজুর বোর্ড গঠন করে সরকার। প্রথম ৬ মাসে তিনবার বৈঠক করে তারা। তবে মালিক ও শ্রমিকপক্ষ থেকে মজুরি প্রস্তাব দেয়া হয়নি। গত ২২ অক্টোবর বৈঠকে ২০ হাজার ৩৯৩ টাকা মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। বিপরীতে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাবনা রাখে মালিকপক্ষ।

এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পরদিন আন্দোলনে নামেন পোশাক শ্রমিকেরা। পরে এই সেক্টরের প্রাণকেন্দ্র গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে তা ছড়িয়ে পড়ে। এতে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ৪ শ্রমিক নিহত হন।

 

পরে আন্দোলন তীব্র হলে ১ নভেম্বর নতুন করে মজুরি প্রস্তাব দেয়ার প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ। এরপর ৭ নভেম্বর সাড়ে ১২ হাজার টাকার প্রস্তাবনা দেয় তারা। একে চূড়ান্ত করে ন্যূনতম মজুরি কাঠামোর খসড়া মন্ত্রণালয়ে পাঠায় নিম্নতম মজুরি বোর্ড। তবু আন্দোলন চালিয়ে যেতে থাকেন শ্রমিকেরা। পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করেন মালিকেরা। ইতোমধ্যে কারখানাগুলো খুলতে শুরু করেছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares