স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বড় দুঃসংবাদ দিয়েছে ভারতকে। ম্যাচে মন্থর ওভার রেটের জন্য তাদের জরিমানার পাশাপাশি কেটে নেয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ভারতের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।
পয়েন্ট কেটে নেয়ায় ভারত এখন পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সেঞ্চুরিয়নে তিন দিনে হেরে যাওয়া টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে ছিল সফরকারীরা। তাই ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসির নিয়মানুসারে, প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কেটে নেয়া হয়েছে। অর্থাৎ মোট দুই পয়েন্ট হারিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই সিদ্ধান্ত দিয়েছেন। এতে ভারতের অধিনায়ক রোহিত নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এই সাজার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ১৬ পয়েন্ট ছিল ভারতের। মোট পয়েন্টের ৪৪.৪৪ শতাংশ নিয়ে তালিকার পাঁছে ছিল তারা। দুই পয়েন্ট হারিয়ে এখন তাদের অর্জন ১৪ পয়েন্ট। ফলে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে।
উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে হারে ভারত। প্রথম ইনিংসে ভারতের ২৪৫ রানের জবাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তোলে ৪০৮ রান। এরপর সফরকারীদের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৩১ রানে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু কেপটাউন। আগামী বুধবার কেপটাউনে শুরু হবে খেলা।
R/N