বিনোদন ডেস্ক :
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ পদ্মর এক বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার (১০ আগস্ট)। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-তে জমকালো আয়োজনে ছেলের জন্মদিন পালন করেন পরী। তবে সেখানে উপস্থিত ছিলেন না রাজ।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
এদিকে সন্তানের জন্মদিনের পুরো আয়োজনের প্রস্তুতি একাই সম্পন্ন করেছেন পরীমণি। তবে জন্মদিনের আগের দিন রাতে ছেলেকে দেখতে চিত্রনায়িকার বাসায় হাজির হয়েছিলেন রাজ। এ সময় ছেলে পদ্মর সঙ্গে দেখা পেলেও পরীমণির দেখা না পেয়েই ফিরে যান রাজ।
জানা গেছে, ছেলের সঙ্গে দেখা করতে রাজ বাসায় যাওয়ার পরই দরজা লাগিয়ে নিজের ঘরে বসেছিলেন পরীমণি। সম্প্রতি এ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন এই নায়িকা।
পরীমণি বলেন, বুধবার (৯ আগস্ট) রাতে বাসায় এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি, দেখাও হয়নি। ওর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই আমার। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম।
চিত্রনায়িকা আরও বলেন, সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ, তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।
উল্লেখ্য, দাম্পত্য কলহের জেরে দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন রাজ-পরী। তারা আর এক হবেন না বলেও বিভিন্ন সময়ে দুজনেই গণমাধ্যমে জানিয়েছেন। তবে ছেলে পদ্ম মায়ের সঙ্গেই থাকেন। শুধু তাই নয়, বর্তমানে ছেলের সব দায়িত্ব একাই পালন করছেন পরীমণি।
R/N