যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে মুখ খুললেন দুলকার সালমান

প্রকাশিত: 2:37 AM, August 20, 2023

যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে মুখ খুললেন দুলকার সালমান

বিনোদন ডেস্ক:

অভিনেত্রীদের যৌন হেনস্থার ঘটনা যেমন মাঝে মধ্যেই উঠে আসে শিরোনামে, তেমনই হেনস্থার হাত থেকে রক্ষা পান না অভিনেতারাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক ঘটনার কথা শেয়ার করলেন দক্ষিণী অভিনেতা দুলকার সালমান।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজ ও ডিকে পরিচালিত ওয়েব সিরিজ ‘গান্‌স অ্যান্ড গুলাবস’। এতে অভিনয় করেছেন দুলকার। সম্প্রতি ওই সিরিজের প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, অতীতে যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেতার কথায়, ‘একজন মধ্যবয়স্ক নারী আমার সঙ্গে ছবি তুলছিলেন। হঠাৎ করে তিনি আমার গালে চুমু খেয়ে বসলেন। এটা খুব একটা উচিত কাজ নয়। তবে অনুরাগী তো, এই বিষয়গুলো তবু মেনে নেয়া যায়। কিন্তু হঠাৎ করে এমন কোনো কিছু হলে আমি হকচকিয়ে যাই।

‘আরেকবার একজন মধ্যবয়স্ক নারী অদ্ভুত এক কাজ করেছিলেন। আমি জানি না কেন? ছবি তোলার জন্য তখন অনেকে আমাকে ঘিরে ধরেছেন, আমি মঞ্চের মাঝে দাঁড়িয়ে, উনি হঠাৎ করে আমার যৌনাঙ্গ চেপে ধরেন। আমি ব্যথায় প্রায় কুঁকড়ে গিয়েছিলাম। ছবিতে আমি হাসছি, এদিকে আমিই জানি, আমার তখন কী অবস্থা!’

অভিনেতা জানান, ঘটনার পর এতটাই হতবাক হয়েছিলেন যে, বন্ধুদের সঙ্গে কথা বলে হালকা হতে পেরেছিলেন তিনি।

জনপ্রিয় মালয়ালাম অভিনেতা ও পরিচালক মামুটির ছেলে তিনি। অভিনয় তার রক্তে। ২০১২ সালে মালয়ালাম সিনেমাতেই আত্মপ্রকাশ দুলকারের। ২০১৮ সালে ‘কারওয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক তার। প্রথম ছবিতেই কাজ করেছিলেন ইরফান খানের মতো অভিনেতার সঙ্গে। তার পরে গত বছর ‘সীতা রাম’। চলতি মাসের শেষের দিকে মুক্তি পেতে চলেছে তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং অফ কোঠা’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares