নাবালিকাকে সিনেমায় সুযোগ দেয়ার প্রলোভনে যৌন হেনস্তা, পরিচালক আটক

প্রকাশিত: 3:35 PM, August 21, 2023

নাবালিকাকে সিনেমায় সুযোগ দেয়ার প্রলোভনে যৌন হেনস্তা, পরিচালক আটক

বিনোদন ডেস্ক:

রুপালি পর্দার হাতছানি উপেক্ষা করা খুব একটা সহজ কাজ নয়। বিশেষত, বাণিজ্যিক সিনেমার সঙ্গে যুক্ত থেকেছেন এমন পরিচালকের কাছে সুযোগের প্রতিশ্রুতি পেলে তা এড়িয়ে যেতে পারেন না অনেকেই। সেই ফাঁদে পা দিয়েই যৌন হেনস্থার শিকার হয়েছেন এক নাবালিকা। ঘটনাটি ভারতের কেরালার কোঝিকোড়োর।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক নাবালিকাকে মূলধারার ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত ওই পরিচালক। মালয়ালাম ছবির সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত পরিচালক জাসিক আলি। ৩৬ বছর বয়স্ক ওই পরিচালক নাকি সেই নাবালিকাকে আশ্বাস দেন- নিজের পরবর্তী ছবিতে অভিনয়ের সুযোগ করে দেবেন তাকে।

পরিচালকের কথায় ভরসা করে তার সঙ্গে একাধিক জায়গায় যেতে রাজি হয় সেই নাবালিকা। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জায়গা নিয়ে গিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতন চালান অভিযুক্ত পরিচালক।

একাধিকবার এমন ঘটনা ঘটার পর কোয়িলান্ডি থানায় দায়ের হয় অভিযোগ। নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে এফআইআর দায়ের হওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। অবশেষে নাদাক্কভু থেকে অভিযুক্ত পরিচালক জাসিক আলিকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, নাবালিকাকে যৌন হেনস্থা করার পর পালিয়ে গিয়ে একাধিক জায়গায় লুকিয়ে ছিলেন অভিযুক্ত। নাদাক্কভু থেকেও পালানোরই ছক ছিল জাসিক আলির। সেখান থেকে পালানোর সময়েই তাকে ধরে ফেলে পুলিশ।

এদিকে দিন কয়েক আগে মুম্বাইয়ে এক কাস্টিং ডিরেক্টরের হাতে হেনস্থার শিকার হন ১৮ বছর বয়সী এক তরুণী। অভিনেত্রী হওয়ার ইচ্ছাপ্রকাশ করে অভিযুক্ত কাস্টিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই তরুণী। তরুণী অভিযোগ করেন, শারীরিক ঘনিষ্ঠতার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে তাকে আঘাত করেন কাস্টিং ডিরেক্টর।

আঘাত পেয়ে জ্ঞান হারানোর পরে তাকে মৃত মনে করে ফেলেই পালিয়ে যান কাস্টিং ডিরেক্টর। পরে জ্ঞান ফিরে আসার পর ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পেয়ে গুজরাতের সুরত থেকে দীপক মালাকার নামক ২৬ বছর বয়সি ওই কাস্টিং ডিরেক্টরকে গ্রেপ্তার করে পুলিশ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares