দুই দেহে এক প্রাণ’ কেন, জানালেন কনকচাঁপা

প্রকাশিত: 2:38 AM, August 22, 2023

দুই দেহে এক প্রাণ’ কেন, জানালেন কনকচাঁপা

বিনোদন ডেস্ক:

সংগীতশিল্পী কনকচাঁপার অধিকাংশ গানই শ্রোতাপ্রিয়। চলচ্চিত্রে তার গাওয়া বেশিরভাগ গানেই দেখা মিলেছে চিত্রনায়িকা শাবনূরকে। নব্বই দশকের সিনেমায় চলচ্চিত্রে শাবনূরের উপস্থিতি মানেই ছিল কনকচাঁপার গান। তাদের নিয়ে কাজ করার জন্য অপেক্ষায় থাকতেন নির্মাতারা। অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন এই গায়িকা-নায়িকা জুটি।

গায়িকা কনকচাঁপার এখন ব্যস্ততা কিছুটা কম। তবে দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো করে থাকেন। এদিকে পর্দা থেকে অনেকটা দূরে রয়েছেন নায়িকা শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। গায়িকাও ঠিক এই সময় অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আর সেখানেই দেখা হয়ে গেল দুই তারকার।

গত রোববার (২০ আগস্ট) মধ্যরাতে কনকচাঁপা তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শাবনূরের সঙ্গে আনন্দঘন সাক্ষাৎ করতে দেখা যায় তাকে। ক্যাপশনে লেখেন, ‘এবার অস্ট্রেলিয়া আসার পর আপনারা অনেকেই বলেছিলেন আমি যেন শাবনূরের সঙ্গে দেখা করি। আজ শাবনূর এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’

ভিডিওতে দেখা যায়, নায়িকা শাবনূর ছেলে আইজানকে নিয়ে কনকচাঁপার সঙ্গে দেখা করতে এসেছেন। তখন গায়িকাকে দৌড়ে এসে জড়িয়ে ধরেন চিত্রনায়িকা। বলেন, আগে সালাম (পা ছুঁয়ে) করে নেই। তখন শাবনূরকে বাধা দিয়ে বুকে জড়িয়ে ধরেন কনকচাঁপা। তারপর আড্ডা দেন তারা। আড্ডায় পুরনো দিন নিয়ে কথা বলেন নায়িকা-গায়িকা।

শাবনূর বলেন, আমি এই খুশি ধরে রাখতে পারছি না। এত বছর পর দেখা, আমি ভাবতেও পারিনি। বাংলাদেশে থাকার সময়ও তার সঙ্গে দেখা হয় না, সে অনেক ব্যস্ত। তবে অস্ট্রেলিয়ায় অবশেষে দেখা হলো।

অন্যদিকে শাবনূরের সঙ্গে দেখা হওয়ার কয়েক ঘণ্টা আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন কনকচাঁপা। যেখানে একফ্রেমে দেখা যায় শাবনূর-কনকচাঁপাকে। ছবির ক্যাপশনে গায়িকা লেখেন, ‘দুই দেহ এক প্রাণ…।’

কনকচাঁপা জানান, তিনিও বেশ আনন্দিত। শাবনূরের সঙ্গে আত্মিক সম্পর্ক। তার ভাষ্যমতে, আমি ও শাবনূর আজ খুবই আনন্দিত। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া হয়। দেখা গেছে অস্ট্রেলিয়ায় যখন এলাম, সেই সময় বাংলাদেশে শাবনূর। কিন্তু এবার সিনক্রোনাইজ হয়ে গেল।

এ গায়িকা বলেন, শাবনূর যতটা আনন্দিত, উত্তেজিত, আমারও ঠিক একই অবস্থা। আমার প্লেব্যাকের ৪০ বছরের মধ্যে শাবনূরের সঙ্গে কাজ করেছি ৩৫ বছর। আমাদের দুজনকে বলা যায়—দুই দেহে এক প্রাণ। শাবনূরের ঠোঁটে আমার গান পরিপূর্ণতা পেয়েছে। আমি শাবনূরকে অবশ্য এর ক্রেডিট দিতে চাই।

গায়িকার ভিডিও দেখে অবশ্য মুগ্ধ দু’জনের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে প্রশংসা ভাসিয়ে দিচ্ছেন প্রিয় তারকাদের। আর এক ফ্রেমে তাদের দেখতে পেয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন নেটিজেনরা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares