১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ!

প্রকাশিত: 2:47 AM, August 27, 2023

১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ!

বিনোদন ডেস্ক:

একজন বলিউড ‘শাহেনশাহ’, আরেকজন বলিউড ‘বাদশা’। দুজনকে একসঙ্গে পর্দায় দেখতে বরাবরই ব্যাকুল তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের জুটিও বক্স অফিসে সফল। সেটা ‘কাভি খুশি কাভি গম’ হোক কিংবা ‘মহব্বতে’ অথবা ‘বীর জরা’।

তবে শেষ বার তারা একসঙ্গে কাজ করেছিলেন ১৭ বছর আগে। করণ জোহরের সিনেমার ‘কাভি আলবিদা না কেহেনা’তে। তারপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে ফের এক সিনেমাতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে দৌড়াচ্ছেন শাহরুখ-অমিতাভ। পরনে তাদের কালো সুট। শোনা যাচ্ছে, সিনেমার নাম নাকি ‘ওয়াদা’, যদিও তা এখনও নিশ্চিত নয়।

অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাহরুখ খানিকটা ইঙ্গিত দিয়েছেন মাত্র। সম্প্রতি আস্ক এসআরকে সেশনে অমিতাভ বচ্চনকে নিয়ে বেশ কিছু কথা বলেন শাহরুখ। আসলে এক অনুরাগী তাদের জুটি নিয়ে প্রশ্ন করলে উত্তরে শাহরুখ লেখেন, ‘এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শুটিংটা আমার কাছে অনুপ্রেরণার। তার সঙ্গে কাজ করতে পারা আশীর্বাদের মতো। শুধু আপনাকে জানাতে চাই, দৌড়ে কিন্তু আমাকে উনি হারিয়ে দিয়েছেন।’

সব কথা খোলসা করে না বললেও খানিকটা আভাস দিয়েছেন বাদশা। তবে ১৭ বছর পর কি সত্যিই ফের জুটি বাঁধবেন তারা! উত্তরের অপেক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares