জেবা চৌধুরীর কারাদণ্ডের সংবাদে ভুল ছবি, ক্ষুব্ধ জেবা জান্নাত

প্রকাশিত: 10:31 AM, August 30, 2023

জেবা চৌধুরীর কারাদণ্ডের সংবাদে ভুল ছবি, ক্ষুব্ধ জেবা জান্নাত

বিনোদন ডেস্ক :

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচয়দানকারী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় জেবা চৌধুরীর ছবির পরিবর্তে ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করে বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন জেবা জান্নাত।

এ বিষয়ে জেবা জান্নাত বলেন, ‘সকাল থেকেই আমার কাছে পরিচিতরা কল দিচ্ছেন। জানতে চাচ্ছেন আসল ঘটনা কী। আমিসহ আমার পরিবারের সবাই সংবাদটি শুনে বিব্রত। বেশকিছু গণমাধ্যমে জেবা চৌধুরীর জায়গায় আমার ছবি ব্যবহার করেছে। যেগুলো দেশের প্রথম সারির গণমাধ্যম। নিউজে আমার ছবি দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। আমাদের গণমাধ্যমের আরও দায়িত্বশীল হওয়া উচিত।’

গত মঙ্গলবার (২৯ আগস্ট) জেবা চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম। রায়ে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। এছাড়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর কাছে জেবা চৌধুরী একটি গাড়ি (প্রাইভেট কার) সাত লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি। চুক্তিপত্রে বলা হয়েছিল বিআরটিএ থেকে সব কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করবেন। কিন্তু বাদীর টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি।

পরে ২০২২ সালের ৮ মে বাদী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তিনি পলাতক। গত ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালীন বিভিন্ন সময়ে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

এদিকে প্রয়াত জয়নাল হাজারীর ফেসবুক টক শোতে প্রথমবার হাজির হন জেবা জান্নাত। এরপর টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়ান। সেখান থেকে নাম লেখান নাটকে। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares