অঞ্জনার চোখে জল’ নিয়ে মনির খানের নতুন গান

প্রকাশিত: 3:41 AM, August 31, 2023

অঞ্জনার চোখে জল’ নিয়ে মনির খানের নতুন গান

বিনোদন ডেস্ক :

হঠাৎ করেই ‘অঞ্জনা’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ‘অঞ্জনা তোর চোখে জল’ শিরোনামে নতুন গানটি ভিডিওসহ প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এদিন চ্যানেল 24 অনলাইনকে বিষয়টি গায়ক নিজেই নিশ্চিত করেছেন।

‘আজকে দেখি তোর চোখে জল, ভিডিও ফোনে / অঞ্জনা ও অঞ্জনা…, তোর চোখে আজ কূল হারানোর অথৈ যন্ত্রণা,…’—এমন চমৎকার কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার মিল্টন খন্দকার। আর এর মিউজিক করেছেন বিনোদ রায়। রাজধানীর নিকটবর্তী কয়েকটি মনোরোম লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে গানটির।

মনির খান বলেন, বছরের বিভিন্ন সময় শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হয়ে থাকি আমি। বিভিন্ন উৎসব-আয়োজনে তো বিশেষ কিছু দেয়ার চেষ্টা থাকেই। আসলে আমি বরাবরই শ্রোতাদের কথা মাথায় রেখে, তাদের চাওয়া অনুযায়ী গান প্রকাশ করি। ‘অঞ্জনা তোর চোখে জল’ শিরোনামের এ গানটিও ব্যতিক্রম নয় তার।

এদিকে গত ১২ এপ্রিল এক সাক্ষাৎকারে চ্যানেল 24 অনলাইনকে এ গায়ক জানিয়েছিলেন, এখন থেকে প্রতিবছর জানুয়ারির শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ঘুরে তার কথার সঙ্গে মিলও পাওয়া যায়। গত কয়েক বছর ধরে জানুয়ারির শুরুতেই ‘অঞ্জনা’ শিরোনামে নতুন গান প্রকাশ করছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীতশিল্পী।

এ প্রসঙ্গ তুলতেই ‘আট আনার জীবন’ খ্যাত গানের গায়ক অকপটে বলেন, এ কথা সত্য যে গত কয়েক বছর ধরে বছরের শুরুতে জানুয়ারিতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করছি। কিন্তু আমিতো শ্রোতাদের গায়ক। আমার কাছে তাদের অনেক চাওয়া। সাধ্যের জায়গা থেকে শ্রোতাদের দাবি পূরণ করার চেষ্টা করি। আপনারা সাংবাদিক ভাই ও বন্ধুরা সবাই জানেন, ‘অঞ্জনা’ শিরোনামে যেন বছরের মাঝেও একটি করে গান প্রকাশ করি—এমন চাওয়া শ্রোতাদের।

মনির খান আরও বলেন, বিভিন্ন লাইভ অনুষ্ঠান কিংবা দেশ-বিদেশে স্টেজ শোয়ে শ্রোতাদের থেকে সবচেয়ে বেশি যে অনুরোধ পাই তা হলো, অঞ্জনা শিরোনামে যেন আরও বেশি গান করি, বছরের মাঝেও যেন তাদের এ শিরোনামে গান উপহার দেই। আমিতো শ্রোতাদের জন্যই আজকের এই মনির খান। এ কারণে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি শ্রোতাদের অনুরোধ রাখার। আমার দৃঢ় বিশ্বাস, নতুন এ গানটি ভালো লাগবে সবার। অন্যসব গানের মতো এ গানটিও হৃদয় ছুঁয়ে যাবে শ্রোতাদের।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares