জায়েদ খানের ব্যবহার নিয়ে যা বললেন কলকাতার সায়ন্তিকা

প্রকাশিত: 3:50 AM, September 1, 2023

জায়েদ খানের ব্যবহার নিয়ে যা বললেন কলকাতার সায়ন্তিকা

বিনোদন ডেস্ক:

প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে এসেছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল থেকে ‘ছায়াবাজ’ নামের সেই সিনেমার একটি গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। তার আগে গতকালই সকালে কলকাতা থেকে ঢাকায় পৌঁছান এই নায়িকা।

‘ছায়াবাজ’ একটি পারিবারিক গল্পের সিনেমা। এতে সায়ন্তিকার চরিত্রের নাম ডায়না। বাংলাদেশে পৌঁছে শুটিংয়ে যোগ দিয়ে উচ্ছ্বাস ও আনন্দের কথা জানান সায়ন্তিকা।

বুধবার বিকেলে কক্সবাজার শুটিং লোকেশন থেকে এক সংবাদমাধ্যামকে সায়ন্তিকা বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসেছি। শুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গাটা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত আরামদায়কভাবে, সুন্দরভাবে শুটিং চলছে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার নায়ক জায়েদ খানসহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না। এককথায় দারুণ।’

আগে থেকে জায়েদ খানের সঙ্গে জানাশোনা ছিল না সায়ন্তিকার। বাংলাদেশে এসেই তার সঙ্গে প্রথম দেখা, প্রথম পরিচয় এই নায়িকার। তবে প্রথম পরিচয়েই জায়েদ খানের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

সায়ন্তিকা বলেন, ‘বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখায়ই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যেকোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares