এ আর রহমানের অনুষ্ঠানে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: 8:23 AM, September 12, 2023

এ আর রহমানের অনুষ্ঠানে শ্লীলতাহানির অভিযোগ

বিনোদন ডেস্ক:

ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। মাঝে মধ্যেই বিশৃঙ্খলা দেখা যায় এই গায়কের কনসার্টে। কয়েক দিন আগেই সময় বেশি হয়ে যাওয়ায় মঞ্চে উঠে এ আর রহমানের গান বন্ধ করে দেয় পুলিশ। এবার তার কনসার্টে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) চেন্নাইতে একটি কনসার্ট ছিল এ আর রহমানের। সন্ধ্যা নামার পর থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় বাড়তে থাকে। চেন্নাইয়ের আদিত্যরাম প্যালেসে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রায় ৫০ হাজার লোকের বসার ব্যবস্থা ছিল বলে জানা গেছে।

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এ আর রহমানের কনসার্টে আসন সংখ্যার চেয়েও বেশি ভিড় জমতে শুরু করে। এতে ধাক্কাধাক্কি শুরু হয় অনুষ্ঠানে। এমনকি বেশ কয়েকজনের পদপিষ্ট হওয়ার খবরও পাওয়া যায়।পাশাপাশি ভিড়ের কারণে শিশুরাও নাকি বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের থেকে।

জানা গেছে, কনসার্টে এমন বিশৃঙ্খলার সুযোগে নারীদের শ্লীলতাহানির ঘটনার অভিযোগ উঠেছে। এ আর রহমানের গান শুনতে অগ্রিম টিকিট কেটেও ঢুকতে পারেননি অনেক দর্শক-শ্রোতারা।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত। এমন বিশৃঙ্খলার জন্য দায়ী করেছেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের। কেউ কেউ আবার ক্ষোভ ঝেড়েছেন আর রহমানের ওপরে।

যদিও কনসার্টে ঘটে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে মুখ খোলেননি এ আর রহমান। অনেক মিডিয়ার পক্ষ থেকে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি বলে জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এক ব্যক্তি লেখেন, আজ আমার মধ্যেকার ৩০ বছরের ভক্তের মৃত্যু হলো। মঞ্চে দাঁড়িয়ে সামনে কী ঘটছে, তার কিছুই দেখতে পাননি শিল্পী!

অন্য একজন লিখেছেন, ভীষণ খারাপ ব্যবস্থাপনা ছিল কনসার্টের। পুরো টাকাটাই জলে গেল। সঙ্গে এনার্জিও নষ্ট হলো। কনসার্টে গিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলাম, চারদিকে এতো ধাক্কাধাক্কি চলছিল যে একটা গানও ভালোভাবে শুনতে পাইনি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares