মায়ের পর বাবার দাফনের জন্য ঢাকায় ফিরেছেন সন্তানরা

প্রকাশিত: 1:03 PM, September 14, 2023

মায়ের পর বাবার দাফনের জন্য ঢাকায় ফিরেছেন সন্তানরা

বিনোদন ডেস্ক:

না-ফেরার দেশে চলে গেলেন ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান। নির্মাতার মৃত্যুর একদিন আগেই মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলে স্ত্রীকে দাফন করে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালেই ফিরে আসেন তিনি। মাকে দাফন করার পর সেখানেই থেকে যান নির্মাতার মেয়েরা।

বুধবার হঠাৎ বাবার মৃত্যুর খবর পেয়ে আবার ঢাকার ফিরেছেন সোহানুর রহমানের তিন মেয়ে। মায়ের শোক শেষ না হতেই আবার বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন নির্মাতার মেয়েরা।

জানা গেছে, বুধবার ঢাকায় ফিরে বিকেলে উত্তরার নিজবাসায় ঘুমিয়ে ছিলেন সোহানুর রহমান। অনেক ডাকাডাকি করেও সাড়া পাননি নির্মাতার বাসার গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে সোহানুর রহমানের। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। কিন্তু নির্মাতার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।

স্ত্রীকে হারিয়ে শোকে কাতর ছিলেন তিনি। তবে স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করার ইচ্ছা পোষণ করে গেছেন সোহানুর রহমান।

১৯৫৯ সালের ১৫ অক্টোবর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান। বগুড়া, জয়পুরহাটে স্কুল ও কলেজজীবন শেষে ঢাকায় আসেন তিনি। পরে ১৯৮৮ সালে ‘বিশ্বাস অবিশ্বাস’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন সোহানুর রহমান।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া তার নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাই তাকে পরিচালক হিসেবে খ্যাতি এনে দেয়। আর এই সিনেমা দিয়েই অভিষেক হয় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার সালমান শাহ ও মৌসুমীর। শুধু তারাই নন, তার হাত ধরেই চলচ্চিত্রে আসেন হালের শীর্ষ নায়ক শাকিব খান, ডন, শাকিল খানসহ অনেক অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।

ক্যারিয়ারে দুই ডজনেরও বেশি সিনেমা নির্মাণ করেছিলেন সোহানুর রহমান। তার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হলো ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘বিদ্রোহী কন্যা’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘সত্যের বিজয়’, ‘স্বামী ছিনতাই’, ‘কথা দাও সাথী হবে’, ‘কোটি টাকার প্রেম’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’সহ প্রভৃতি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares