অল্প সময়ে চরিত্রে ঢুকে পড়া চ্যালেঞ্জিং মনে হয় : সাদিয়া আয়মান

প্রকাশিত: 11:31 AM, September 16, 2023

অল্প সময়ে চরিত্রে ঢুকে পড়া চ্যালেঞ্জিং মনে হয় : সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক :

‘দুটি নাটকের কাজ শেষ হলো। আবার কয়েক দিন আগেই একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে কাজ করলাম। এখন হাতে আরও কয়েকটি নাটক রয়েছে, সেসব শেষ করব। নাটকে অভিনয় নিয়েই ব্যস্ততা কাটছে আমার।’ অনলাইনের সঙ্গে আলাপকালে এভাবেই বর্তমান ব্যস্ততার কথা বলছিলেন হালের ক্রেজ অভিনেত্রী সাদিয়া আয়মান।

ছোটপর্দায় বেশ কয়েক বছর ধরে দুর্দান্ত কাজ করছেন সাদিয়া আয়মান। ক্যারিয়ারে অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এই সময়ে কখনো কোনো চরিত্র বা কাজকে চ্যালেঞ্জিং মনে হয়েছে কি না–এ প্রশ্ন রাখা হয় তার কাছে। জবাবে তরুণ এ অভিনেত্রী বলেন, ‘অভিনয় তো অভিনয়ই। এখানে করা সবগুলো কাজকেই চ্যালেঞ্জিং বলা যায়।’

 

এরপরই তিনি বলেন, ‘যদি নাটকের কথা বলি, নাটকতো রেগুলার করছি, একটি নাটক দু’দিনের মধ্যে করতে হয়। এই সময়ের মধ্যে অনেকগুলো দৃশ্য করতে হয়। আবার কখনো কখনো একই সময়ের মধ্যে হ্যাপি মোমেন্টের অভিনয় করছি, তারপর আবার স্যাড কিছু করতে হলো। অল্প সময়ের মধ্যে চরিত্রে ঢুকে পড়াটা একটু চ্যালেঞ্জিং মনে হয়।’

 

‘কাজকে সেভাবে আমার কাছে কখনো চ্যালেঞ্জিং মনে হয় না। আমি এনজয় করি আমার কাজকে। এনজয় করতেই বেশি ভালো লাগে আমার কাছে। কো-আর্টিস্টদের হেল্প ও ডিরেক্টরদের মোটামুটি সাপোর্ট থাকে। আর আমি খুব ফ্রেন্ডলি না হয়ে কাজ করি না। যদি পজিটিভ ভাইব পাই তাহলে কাজ করতে সুবিধা হয়। আসলে কাজের সময় নিজেই পজিটিভ ভাইব নিয়ে থাকি’-বলেও যোগ করেন তিনি।

এদিকে কিছুদিন আগে অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ‘এমন একটা তুমি চাই’ নাটকে দেখা গেছে এ অভিনেত্রীকে। নাটকটি প্রকাশের পর দর্শকের বেশ সাড়া পেয়েছেন। একই সঙ্গে প্রশংসিত হয়েছেন তিনি। এর আগে এই অভিনেতার সঙ্গেই ‘ফুলের নামে নাম’ নাটকে অভিনয় করে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা লাভ করেন।

 

এছাড়া গত ঈদেও দশটির মতো নাটকে দেখা গেছে ছোটপর্দার পরিচিত এই মুখকে। ২০১৯ সালে ‘বি টু ওয়াইফ’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ করলেও ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন সাদিয়া আয়মান।

সফলতা নিয়ে আলাপকালে উঠে আসে নতুনদের কাজের প্রসঙ্গ। এ ব্যাপারে সাদিয়া আয়মান সরল বাক্যে বলেন, ‘যে যার জায়গা থেকে অভিনয় করছে বা যে যতটা ভালো করবে ঠিক ততটাই দর্শকের কাছে পৌঁছাবে। এ প্রজন্মের মানুষ অনেক স্মার্ট। এখন দর্শক অভিনয়টা বুঝে। যিনি ভালো করবেন তিনি উঠে আসবেন।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares