‘পরিচিত মানুষ ভিত্তিহীন কিংবা মিথ্যা বললে অনেক কষ্ট লাগে’

প্রকাশিত: 5:29 PM, September 26, 2023

‘পরিচিত মানুষ ভিত্তিহীন কিংবা মিথ্যা বললে অনেক কষ্ট লাগে’

বিনোদন ডেস্ক:
দাম্পত্য জীবনের টানাপোড়েনে সদ্যই শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে এই নায়িকাকে ঘিরে সমালোচনরও যেন শেষ নেই। প্রায় সময়ই কটাক্ষের মুখে পড়েন তিনি।
সম্প্রতি দেশের গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এ সময় তিনি জানান, পরিচিত মানুষ ভিত্তিহীন কিংবা মিথ্যা কথা বললে ভীষণ কষ্ট পান পরীমণি।

নায়িকা বলেন, অপরিচিত মানুষ যদি কখনও আমাকে নিয়ে কোনো মন্তব্য বা কটাক্ষ করে তাহলে সেটা নিয়ে খুব একটা বেশি কষ্ট পাই না। কিন্তু যখন পরিচিত মানুষেরা ভিত্তিহীন কিংবা মিথ্যা কথা বলে, তখন ভীষণ কষ্ট পাই। কারণ মানুষটি আমার সম্পর্কে জেনেশুনে বলে নেতিবাচক মন্তব্য করে, তাতে খারাপ লাগে। দূরের মানুষ হলে গায়ে লাগে না।

সম্প্রতি পরীমণির কাছে জানতে চাওয়া হয়, নারী-পুরুষ কিসে আটকায়? জবাবে নায়িকা বলেন, প্রত্যেকটা জীবন শুধু মায়ায় আটকায়। কাজ-সংসার সেটা যেটাই হোক না কেন সেখানে মায়া-ভালোবাসা থাকতে হয়। যেখানে মায়া নেই সেখানে আপনি কখনও থাকতে পারবেন না। প্রতিটি বিষয়কে ভালোবাসতে হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

পরে ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। শোবিজ অঙ্গনের কয়েকজনসহ দুই পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন বিয়েতে।

একই বছরের ১০ আগস্ট পরী ও রাজের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তাকে ঘিরেই আপাতত পরীর জীবন।

এর আগে একাধিকবার বিচ্ছেদের কথা শোনা গেলেও পুনরায় তাদের মিল হতে দেখা যায়। অবশেষে বিচ্ছেদের গুঞ্জনই সত্যি হলো। ভেঙে গেল রাজ-পরীর সংসার। গত ১৮ সেপ্টেম্বর রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান পরীমণি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares