প্রকাশ পেল ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার

প্রকাশিত: 12:36 PM, October 6, 2023

প্রকাশ পেল ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার

বিনোদন ডেস্ক:
সবসময় ক্যামেরার পেছনেই কাজ করেছেন বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে তিনি জানেন, কীভাবে অভিনয়শিল্পীদের কাছ থেকে অভিনয়টা আদায় করে নিতে হয়। তবে এ নির্মাতা নিজে কখনও অভিনয়ের পথ মাড়াননি। অবশেষে নিজের পরিচালনায় অভিনয়ে এলেন তিনি।
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে প্রথমবারের মতো অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী অভিনীত ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার।

 

 

এ সিনেমায় পর্দায় একসঙ্গে দেখা যাবে তিশা-ফারুকী দম্পতিকে। এ ছাড়া অভিনয়ের সঙ্গে সিনেমাটি পরিচালনাও করেছেন ফারুকী।

‘অটোবায়োগ্রাফি’র এক মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পের ঝলক। তাদের সম্পর্কের নানা চড়াই-উতরাই থেকে পরিণয়।

এদিকে চলতি মাসে বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে ‘অটোবায়োগ্রাফি’র প্রিমিয়ার হবে। সিনেমাটি প্রতিযোগিতা বিভাগ ‘জিসোক’-এ নির্বাচিত হয়েছে।

এর আগে ‘অটোবায়োগ্রাফি’ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘পঁচিশ বছর ধরে কাজ করছি। নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। কোনোটা বেশি, কোনোটা হয়তো কম। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি–এসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়।’

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র একটি দৃশ্যে মোস্তফা সরয়ার ফারুকী।
এ নির্মাতার ভাষ্য: “আমি এবং তিশা দুজনই জানি ‘অটোবায়োগ্রাফি’ সিনেমাটি লেখার সময় থেকেই যে, এখানে আমাদের দুজনকেই অভিনয় করতে হবে। প্রথমদিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিল। কারণ, অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরও ভালনারেবল ব্যাপার। রেদওয়ান রনি গল্প শোনার পর বলল, বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে। তারপরও আমার সংশয় না কাটলে তিশা আমাকে হেল্প করে সিদ্ধান্ত নিতে। ও (তিশা) বলে, ‘এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!’ তার পর তো বাকিটা ইতিহাস…।”

চরকিতে ১২ জন নির্মাতা ১২টি চলচ্চিত্র নিয়ে আসছেন। আর এই পুরো প্রজেক্টটির নাম দেয়া হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের ২টি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। এগুলো হলো: ‘মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares