গান লিখে চমকে দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: 7:24 PM, October 14, 2023

গান লিখে চমকে দিলেন নরেন্দ্র মোদি

বিনোদন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবিতা লিখতে পারেন, এ কথা প্রায় সবারই জানা। তার প্রতিভা মার্কিন সংসদেও পৌঁছে গিয়েছিল। কারণ, সেখানে নিজের লেখা কবিতা পড়ে শুনিয়েছেন তিনি।

তবে মোদি যে গানও লিখতে পারেন, তা হয়তো অনেকেই জানেন না। যদিও এর আগে তিনি একটি গান লিখেছেন। এবার আরও একটি নতুন গান লিখে সবাইকে চমকে দিলেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নবরাত্রি উপলক্ষে গুজরাটি ভাষায় একটি গান লিখেছেন মোদি। গানটির শিরোনাম ‘গারবো’। গানটির সংগীত পরিচালনা করেছেন তানিস্ক বাগচী। কণ্ঠে তুলেছেন ‘ভাস্তে’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী ধ্বনি ভানুশালি।

নরেন্দ্র মোদি গানটি প্রসঙ্গে এক্সে (যা আগে টুইটার ছিল) লিখেছেন, অনেক ধন্যবাদ ধ্বনি ভানুশালি, তানিস্ক বাগচী এবং জাস্ট মিউজিকের গোটা টিমকে। ভীষণ ভালো লাগল গারবার এই নতুন ভার্সন। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম, সেটা আপনারা দারুণভাবে অ্যারেঞ্জ করেছেন। বহু বছর আমি কিছু লিখিনি। কিন্তু গত কয়েক দিনে আমি নতুন একটা ‘গারবো’ লিখেছি। নবরাত্রির সময় সেটা শেয়ার করব।

গানটি গেয়ে উচ্ছ্বসিত ধ্বনি। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি, আপনার লেখা এই গরবা গানটি ভীষণ পছন্দ হয়েছে। আমরা একদম নতুন রিদমে একটি ভিন্ন স্বাদের গান বানাতে চেষ্টা করেছি।

প্রসঙ্গত, শনিবার (১৪ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান জাস্ট মিউজিক থেকে প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও। প্রতিষ্ঠানটির কর্ণধার মালিক অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানি।

তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই অসাধারণ, স্মরণীয় গানে যুক্ত হতে পারা সত্যিই গৌরব ও আনন্দের। ‘গারবো’ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares