কাজে ফিরলেন পরিণীতি

প্রকাশিত: 9:32 AM, October 15, 2023

কাজে ফিরলেন পরিণীতি

বিনোদন ডেস্ক:
গেল মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন সাম্প্রতিক সময়ের আলোচিত জুটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিয়েতে।

জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে গিয়ে পারিবারিক বিভিন্ন আয়োজনে কেটে গেছে তার সপ্তাহ তিনেক। এর ফলে স্বাভাবিকভাবেই কাজ থেকে দূরে ছিলেন তিনি।

অবশেষে চেনা ভুবনে ফিরলেন পরিণীতি। নতুন শুরুটা ফ্যাশন অনুষ্ঠানে র‍্যাম্প ওয়াকের মধ্য দিয়ে। সম্প্রতি শুরু হওয়া ভারতের অন্যতম আলোচিত আয়োজন ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৪ অক্টোবর) আয়োজনের চতুর্থ দিনে শো-স্টপার (মূল আকর্ষণ) হিসেবে হাজির হন পরিণীতি। এ সময় তার পরনে ছিল রূপালি রঙের ঝলমলে শাড়ি। ‘কুরবাত’ নামের শাড়িটি তৈরি করেছে ফাবিয়ানা। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরির মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকের মন।

নিজের ভাবনা জানিয়ে পরিণীতি চোপড়া বলেছেন, মাত্র দুই সপ্তাহ হয়েছে আমার বিয়ের। কিন্তু আমি প্রতি দিন শাড়ি পরার চেষ্টা করছি না। আমি সবসময়ই শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা পরে যোগব্যয়াম পর্যন্ত করা যায়। আমি মনে করি শাড়িতে প্রতিটি ভারতীয় মেয়ের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত।

প্রসঙ্গত, এদিকে পরিণীতি চোপড়া অভিনীত নতুন একটি ছবি মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ নামের ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছে। তবে বক্স অফিসে সুবিধা করতে পারছে না। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares