‘চরিত্রটি নিয়ে শুরুতে খুবই ভয়ে ছিলাম’

প্রকাশিত: 12:21 PM, October 17, 2023

‘চরিত্রটি নিয়ে শুরুতে খুবই ভয়ে ছিলাম’

বিনোদন ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি মুক্তি পায় গত ১৩ অক্টোবর। এতে ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। পর্দায় নিজেকে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

তবে বঙ্গমাতার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যেমন খুশি হয়েছিলেন তেমনি ভীষণ চিন্তাতেও পড়ে গিয়েছিলেন তিশা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

তিশা বলেন, বঙ্গমাতার চরিত্রে অভিনয় করায় বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে আমার আর শুভর জুটিকে সবাইক অনেক পছন্দ করছে। কারণ, আমি এখানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের পরিণত বয়সের চরিত্রে অভিনয় করেছি। সিনেমা কিংবা বাস্তব প্রেক্ষাপটেও এই চরিত্রের গুরুত্ব অনেক বেশি। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে বঙ্গমাতার বিশেষ অবদান রয়েছে। যা অনেকে পর্দায় দেখার পর জানতে পেরেছে।

তবে শুরুতে আমি খুবই ভয়ে ছিলাম। কারণ, এ চরিত্রটির সঙ্গে অনেক দায়িত্বও ছিল। পাশাপাশি সঠিকভাবে উপস্থাপন করারও দায়িত্ব ছিল। তাই ভয়ে ছিলাম ঠিকঠাকভাবে করতে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব কি না।

বঙ্গমাতার চরিত্রে অভিনয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, প্রথমে যখন জানতে পেরেছি মুজিব সিনেমায় এই চরিত্রের জন্য আমাকে পছন্দ করা হয়েছে, আমি একই সঙ্গে যেমন খুশি হয়েছি, তেমনি ভীষণ চিন্তায়ও পড়ে গিয়েছিলাম। কারণ, ফজিলাতুন্নেছা মুজিব অন্দরে থাকতেন। যার কারণে তার কোনো ভিডিও রেফারেন্স আমাদের কাছে ছিল না।

তবে চলচ্চিত্রটির শুটিং শুরুর আগে সিনেমার সব অভিনয়শিল্পীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা মিটিং ছিল। সেখানে তিনি যেভাবে তার মাকে বর্ণনা করেছেন, সেটা ভীষণভাবে সাহায্য করেছে আমাকে। তবে রেফারেন্স না থাকার একটা ইতিবাচক দিকও আছে। আর সেটা হলো আমি যেভাবে পর্দায় দেখাবো, সেটাই দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে।

নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন কি না? জানতে চাইলে তিশা বলেন, এখনও নতুন কোনো সিনেমায় যুক্ত হয়নি। তবে বেশ কিছু কাজের কথাবার্তা চলছে। এর মধ্যে সিনেমা আছে, ওটিটির কাজ আছে। ব্যাটে-বলে মিললেই হয়তো চূড়ান্ত হবে। কিন্তু এখন আমি একই সঙ্গে একজন মা, প্রযোজক এবং অভিনেত্রী। তাই দায়িত্ব অনেক বেশি। সবদিক সামলে বুঝে-শুনে তারপর সিদ্ধান্ত নেব।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares