বুসানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল ‘নকশিকাঁথার জমিন’

প্রকাশিত: 9:03 PM, November 1, 2023

বুসানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল ‘নকশিকাঁথার জমিন’

 

বিনোদন ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার লাভ করেছে আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। সরকারি অনুদানে নির্মিত হওয়া চলচ্চিত্রটি আরও একটি প্রতিষ্ঠান প্রযোজনা করেছে।

জানা যায়, প্রায় সাত’শ চলচ্চিত্র থেকে বাছাই করে ‘নকশিকাঁথার জমিন’সহ আটটি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের প্রতিযোগিতা বিভাগে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলে এই উৎসব। ২৮ অক্টোবর কোরিয়ান সময় সকাল ১০টায় ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়। ২৯ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনি চিত্রের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার জয়ের পর নির্মাতা আকরাম খান বলেন, স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবে পুরস্কার লাভ করে খুবই অনুপ্রাণিত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

এর আগে এশিয়ার অন্যতম চলচিত্র উৎসব ভারতের আইএফএফআই-এ ইউনেস্কো গান্ধী মেডালের জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি। এছাড়াও বেঙ্গালুরুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশনে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে ‘নকশিকাঁথার জমিন’।

প্রসঙ্গত, আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশে ‘নকশিকাঁথার জমিন’ মুক্তি পাবে বলে জানায় নির্মাণ সূত্র।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares