বাংলাদেশি নাগরিকদের ভিসা স্থগিতের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিলো ওমান

প্রকাশিত: 3:04 PM, November 2, 2023

বাংলাদেশি নাগরিকদের ভিসা স্থগিতের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিলো ওমান

জাতীয় ডেস্ক:
বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত সংক্রান্ত বিষয়ে জরুরী প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওমান। বৃহস্পতিবার (২ নভেম্বর) ওমান দূতাবাস থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত ওমানি শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ করার একটি চেষ্টা। ওমানের বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা সবার অধিকার নিশ্চিত করার জন্যে এটি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশিদের ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর করা হয়েছে। এটি একটি সাময়িক পদক্ষেপ। খুব দ্রুতই পুনরায় ভিসা প্রদান কার্যক্রম শুরু করা হবে।

উল্লেখ্য, পর্যালোচনার বিষয়টি বেশ কিছু কারিগরি ও আইনি কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট। যার লক্ষ্য প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার স্বার্থ রক্ষা করা। সেই সঙ্গে ওমানে বিদেশি শ্রম বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা।

বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের প্রশংসা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্থনৈতিক
প্রবৃদ্ধিতে অসামান্য অবদান রেখেছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। এজন্যে ওমান অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে তাদের কথা স্মরণ করে।

এছাড়াও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও পারস্পরিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে ওমান সবসময় আগ্রহী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত কোন রাজনৈতিক গতি-প্রকৃতির নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সঙ্গে ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আন্তরিকভাবে মূল্যায়ন করে ওমান।

এর আগে ৩১ অক্টোবর রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানায়, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares