নির্বাচনে চমক আছে, তবে এখনই বলব না : ডিপজল

প্রকাশিত: 7:58 AM, November 11, 2023

নির্বাচনে চমক আছে, তবে এখনই বলব না : ডিপজল

বিনোদন ডেস্ক:
আর মাত্র দুই মাস পরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে আসন্ন নির্বাচনে তার প্যানেল থেকে বিশেষ চমক রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারের আলাপচারিতার এক পর্যায় এ কথা বলেন ডিপজল। অভিনেতা জানান, এরই মধ্যে তার প্যানেল প্রস্তুত এবং তাতে চমক রয়েছে।

জানা গেছে, শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এবার জানালেন, সভাপতি পদে নির্বাচন করবেন তিনি।

আসন্ন নির্বাচনে ডিপজলের প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী কে হবেন? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন চমক আছে, এখনই বলব না। তবে আমার প্যানেল প্রস্তুত।

তিনি আরও বলেন, জায়েদ খান আমাদের প্যানেলে থাকবে। রুবেল, মৌসুমী সবাই থাকবে। তবে সাধারণ সম্পাদক কাকে করছি সেটা এখনই বলব না। এটা চমক হিসেবে রাখছি।

এদিকে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে, ডিপজলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চিত্রনায়িকা মৌসুমী।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, কয়েক দিনের মধ্যে আমরা নিজেরা একটা মিটিং করব। আমাদের প্যানেল প্রস্তুত। রুবেল ফিফটি মৌসুমী ফিফটি। যাকে নেব, আমার মনে হয় সবাই খুশি হবেন। সব ফাইনাল করা শুধু ঘোষণা দেওয়া বাকি।

যেটা করলে সমিতির ভালো হয়, সেটাই করার চিন্তা করব। দেখলেন তো গত নির্বাচনে কত কি হলো। কিন্তু শিল্পী সমিতির কি উপকার হলো? সমিতির সদস্যদের কি উপকার হলো? কিছুই হলো না। বাদপড়া শিল্পীদের সদস্যপদ আমি আবার ফেরত দেব।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares