, ,

পূজা হেগড়েকে হত্যার হুমকি: যা জানালেন অভিনেত্রীর প্রতিনিধি

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত December 14, 2023, 03:13 PM
পূজা হেগড়েকে হত্যার হুমকি: যা জানালেন অভিনেত্রীর প্রতিনিধি

বিনোদন ডেস্ক:

গতকাল বুধবার বলিউড অভিনেত্রী পূজা হেগড়েকে হত্যার হুমকির খবর ছড়িয়ে পড়ে সবখানে। ভারতের জনপ্রিয় পাপারাজ্জি প্রোফাইল ‘ভাইরাল ভায়ানি’র অফিশিয়াল ইনস্টাগ্রামে তুলে ধরা হয় খবরটি। সেখানে জানানো হয়, দুবাইয়ে এক ক্লাবে উত্তপ্ত তর্ক-বিতর্কের পর অভিনেত্রীকে হত্যা হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয় হুমকির মুখে ভারতে ফিরে এসেছেন তিনি।

সংবাদটি ছড়িয়ে পড়াতেই পূজা হেগড়ের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এটি মোটেও ভালো কাজ নয়।’ কেউ আবার লিখেছেন, ‘ওহ গড! দয়া করে নিরাপদে ভারতে পৌঁছান।’ অনেকেই জিজ্ঞাসা করেন যে অভিনেত্রী ভালো আছেন কিনা।

তবে অভিনেত্রীর টিম এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করেননি, যে এমন কোনও ঘটনা ঘটেছে কিনা। অভিনেত্রীর একজন প্রতিনিধি ফ্রি প্রেস জার্নালকে বলেন, ‘আমরা জানি না কারা এই ভুয়া খবর রটাতে শুরু করেছে। এটা সম্পূর্ণ অসত্য।’ এবং ঘটনা চারদিকে যখনই ছড়িয়ে পড়ে পাপারাজ্জি প্রোফাইল থেকেও পোস্টটি মুছে ফেলা হয়েছে।

উল্লেখ্য, পূজা হেগড়েকে সবশেষ দেখা গেছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাতে। তবে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি সিনেমাটি। পূজাকে ‘দেবা’ শিরোনামে অ্যাকশন থ্রিলারে শহিদ কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এটি পরিচালনা করছেন রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর এবং জি স্টুডিওস। আগামী বছরের ১১ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দেবার পাশাপাশি পূজা হেগড়ের ঝুলিতে আছে ‘হাউসফুল ৫’। এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমাতে–অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, জন আব্রাহামের, অভিষেক বচ্চন, ববি দেওল, কৃতি শ্যানন, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং চাঙ্কি পাণ্ডে-সহ একঝাঁক কলাকুশলী রয়েছে।