হার্ট অ্যাটাকে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা

প্রকাশিত: 5:59 PM, December 18, 2023

হার্ট অ্যাটাকে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা

বিনোদন ডেস্ক:

কয়েকদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষাল। সেই শোক কাটিয়ে উঠার আগেই ফের শোকের ছাঁয়া নামলো ইন্ডাস্ট্রিতে। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান ভোজপুরি অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠি। রোববার (১৭ ডিসেম্বর) রাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দুই সপ্তাহ আগে ডেঙ্গু শনাক্ত হয়েছিল অভিনেতা ব্রিজেশের। এ জন্য মিরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি মুম্বাইয়ে ফিরে আসার পর হার্ট অ্যাটাক হয় এবং হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোমবার (১৮ ডিসেম্বর) শেষকৃত্য সম্পন্ন হবে তার।

ব্রিজেশের মৃত্যুতে অভিনেতা ও কাম গোরখপুরের সংসদ সদস্য রবি কিষান বলেছেন, আমরা ব্রিজেশের সঙ্গে প্রায় একশ’ সিনেমা করেছি। তার চলে যাওয়া ভোজপুরি সিনেমা শিল্প থেকে একটা যুগের বিদায়। ঈশ্বর তার আত্মার শান্তি দিক।

বর্ষীয়ান এ অভিনেতা দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ১৯৭৯ সালে ‘সাইয়া তোহারে করণ’ সিনেমার মাধ্যমে অভিষেক করেন। তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ছিল ১৯৮০ সালে, ‘ট্যাক্সি চোর’। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে বলিউডেও কাজ করতেন তিনি। অংশ নিয়েছেন একাধিক টিভি সিরিজে। ‘হামার দেহরক্ষী শিব’, ‘ড্রাইভার রাজা’, ‘পিয়া চাঁদনি’, ‘রামকৃষ্ণ বজরঙ্গী’ ও ‘জনতা দরবার’সহ অন্যান্য সিনেমায় কাজ করেছেন তিনি।

বলিউডে অজয় দেবগন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা ব্রিজেশ। রজনীকান্ত, রবি কিষান, ধর্মেন্দ্র ও বিনোদ খান্নাদের মতো অভিনয়ে তিনিও নজর কেড়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন।

ব্রিজেশ সিনেমায় আসেন এক বন্ধুর মাধ্যমে। পরে মুম্বাইয়ে স্থানান্তরিত হয়েছিলেন। ক্যারিয়ারে তাকে পরিবারও অনেক সহযোগিতা করেছে। বলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও ভোজপুরি শিল্পেও অবদান রয়েছে তার।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares